রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

বেওয়ারিশ ২

দরজার নিচের সরলরৈখিক শূন্যতা গলে প্রেতের মতো জল আসে। আমি নরম বিছানায় পা উঠিয়ে বসি। জল বাড়তে থাকে। বাতাস বয়ে নিয়ে আসে রূপকথার মতো ঘোর। বিকালের শহর এখন মৃত। কোথাও কেন আলো নেই। দূরে ঐ দূরে বিষন্ন বাতিঘর। জল বাড়তে থাকে। বুকশেলফের বই থেকে উঠে আসে কিছু প্রাগৈতিহাসিক কেউটে। সিলিঙে বাসা বাধা কাক পরিবার, আদিম শব্দ। রোজ রাতে এমনটা হয়। আমি ঠিক বেচেঁ থাকি। এ শহরে যারা বোবা, যারা কালা, অন্ধ তারাই সারভাইব করবে। অত্যাচারিতের চিৎকার আমি শুনি নি, আমি কালা। আমার চোখের সামনে যে নির্লজ্জ পাপ বয়ে গেল, আমি অন্ধ, কিছু দেখি নি। সবচেয়ে বড় কথা আমি বোবা, কেন প্রতিবাদ আমার কন্ঠ উচ্চারণ করে না। "সারভাইভাল ফর দ্যা ফিটেস্ট"। আমি নিজেকে সারভাইবের জন্য  ফিট করে নিয়ছি।
জল বাড়ছে।
বহুকাল আগে পাগল এই সারা সমাজকে বলেছিল" নিজের জলে নিজেই ডুববি হগ্গলে"
জল বাড়তে থাকে। আমি সময়ের অপেক্ষা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন